বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে লেখা তিন শতাধিক বই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশে স্বৈরশাসনের প্রতীক ও স্মৃতি মুছে ফেলার পরও তাদের লাইব্রেরিতে এসব রাজনৈতিক বই মজুত ছিল। অথচ শিক্ষকরা জানিয়েছিলেন, বইগুলো সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে তারা বইগুলো একত্র করে আগুন ধরিয়ে দেন। শিক্ষার্থীদের দাবি, পাঠ্যবইয়ের সংকট থাকা সত্ত্বেও লাইব্রেরির তাক রাজনৈতিক বইয়ে ভরে রাখা হয়েছে, যা তাদের কোনো কাজে আসে না।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কীর্ত্তনীয়া বলেন, তিনি বাইরে থাকায় ঘটনার সময় উপস্থিত ছিলেন না। তবে শুনেছেন, শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বিষয়ক কিছু বই পুড়িয়েছে। তিনি জানান, ৫ আগস্টের পর এসব বই সরানো হয়েছে বলে ধারণা ছিল। কিন্তু লাইব্রেরিয়ান দীর্ঘদিন অসুস্থ থাকায় সঠিকভাবে খোঁজ নেওয়া সম্ভব হয়নি।

